গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

