আন্তর্জাতিক ডেস্ক
চলমান উত্তেজনার মধ্যে যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে ভৌগোলিক সীমাবদ্ধতা উপেক্ষা করে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার তাঁর দাপ্তরিক টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে খামেনি বলেন, শত্রুপক্ষের যেকোনো নতুন ‘সন্ত্রাসী হামলা’ প্রতিহত করার সময় ও শর্ত ইরান নিজেই নির্ধারণ করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন তিনি।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ও ইসরায়েলের সংসদ নির্বাচনকে সামনে রেখে ইরানে নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার ইরানের সেনাবাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলের চাপে পড়ে কিংবা তাদের সন্তুষ্ট করতে এ অঞ্চলে নতুন কোনো সামরিক অভিযানে জড়ান, তাহলে যুদ্ধের দাবানল নিঃসন্দেহে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।
একই দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যারা ইরানের জনগণের ক্ষতি করার দুঃসাহস দেখাবে, তাদের বিরুদ্ধে দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
ইরানের শীর্ষ নেতৃত্বের এমন কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে তেহরানের এই সতর্কবার্তা আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

