বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

প্রবাহ কার্যালয়ে হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন

খুলনা প্রতিনিধি:


দৈনিক প্রবাহের কার্যালয়ে হামলা, ভাঙচুরের চেষ্টা ও এক কর্মচারীকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শিববাড়ী মোড়ের অদূরে টাইগার গার্ডেন হোটেলসংলগ্ন প্রবাহ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। দৈনিক প্রবাহ পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৈনিক প্রবাহ পাঠক ফোরাম ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক, বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ-এর ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সভাপতি অ্যাডভোকেট কুদরত-এ-খুদা, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন-এর সম্পাদক মো. মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর-এর সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল-এর সম্পাদক মিজানুর রহমান মিল্টনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান।

বক্তারা বলেন, একটি সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও আঘাত। তারা হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তারা।

সমাবেশে আরও বক্তব্য দেন ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, এনটিভির ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি, শিল্পপতি এসএম আরিফুর রহমান মিঠু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম-এর ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, কেইউজের সাধারণ সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের ট্রেজারার বিমল সাহা, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, দৈনিক প্রবর্তন-এর নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত, দৈনিক দিনকাল-এর ব্যুরো প্রধান সোহরাব হোসেন, দৈনিক সমকাল-এর ব্যুরো প্রধান আবুল হাসান হিমালয়, নিউজ২৪-এর প্রতিনিধি মো. মাকসুদুর রহমান মাকসুদ, চ্যানেল২৪-এর ব্যুরো প্রধান বেল্লাল হোসেন সজলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাহের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও কর্মী, খুলনা বিভাগের বিভিন্ন উপজেলার প্রতিনিধিসহ সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

যেভাবে হামলার ঘটনা ঘটে

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট গভীর রাতে নগরীর ৩ কেডিএ এভিনিউ এলাকায় অবস্থিত প্রবাহ ভবনের পঞ্চম তলায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হামলা চালায়। এ সময় তারা পত্রিকার স্টাফ ফয়সাল আহমেদ (৪৯)-কে মারধর করে এবং অফিসে থাকা সাংবাদিকদের খুঁজতে থাকে। সাংবাদিকদের না পেয়ে হামলাকারীরা অফিসের কাচের দরজা ভাঙচুরেরও চেষ্টা করে।

ঘটনার পর এ বিষয়ে মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করেছে বলে জানানো হয়।

মানববন্ধন থেকে বক্তারা মামলার অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো সংবাদমাধ্যমের কার্যালয় কিংবা সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা যাতে না ঘটে, সে জন্য প্রশাসনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493