ঝিনাইদহ প্রতিনিধি:
১৫ আগস্টকে ঘিরে ঝিনাইদহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভিযোগ এনেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর এবং শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার অপর চারজন হলেন—শৈলকুপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের ছেলে মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের মন্টু শেখের ছেলে আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মৃত কুবাদ আলীর ছেলে মো. হাসিবুল ইসলাম (২৫)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজনদের বিষয়ে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজন ও এতে পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, শনিবার দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বা তাদের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

