শিক্ষা ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মো. শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত জাহান তাসনিমকে মনোনীত করা হয়েছে।
সংগঠনের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মুনিরা সুলতানা আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
জানা গেছে, গত ৯ জুলাই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করা হয়। পরবর্তীতে সংগঠনে তাদের সক্রিয় সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা এবং সার্বিক অবদান মূল্যায়নের ভিত্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ঘোষণা শেষে নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংগঠনের ধারাবাহিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন মডারেটর।
অন্যদিকে, সংগঠনকে ঘিরে সম্প্রতি সৃষ্ট সাংগঠনিক অস্থিরতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালিজা বিনতে সামসের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। মডারেটরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান পরিস্থিতির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার পদ স্থগিত থাকবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতির দায়িত্ব পালন করছেন মো. শাহ সুফি ওয়াছি মিয়া। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তিনি দায়িত্ব পালনের পুরো সময়জুড়ে সততা, নিষ্ঠা ও সাংগঠনিক শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। একই আদর্শ ধারণ করে নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি খুব শিগগিরই নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
সংগঠনের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ আবৃত্তিচর্চা, বাচিক শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে।
একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করে দেশের সাহিত্য-সংস্কৃতির অগ্রযাত্রায় সংগঠনটি তার অবদান আরও বিস্তৃত করবে।

