কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, আমি আগেও বলেছি এখনও বলছি যাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায়না। এটি সন্ত্রাসী দল। গণঅধিকার পরিষদ এখন সন্ত্রাসী দল,গণধিকৃত পরিষদে পরিনত হয়ে গেছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ছয়রাস্তার মোড়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন,আমি রানিং এমপি, জনপ্রতিনিধি সামনেও গাড়ী পেছনেও গাড়ী। এরপরও যদি আমার গাড়ীতে হামলা করার আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমার ওপর হামলা করার সাহস পায়। আমি বলব এদের আর সন্ত্রাসী বলতে কোন বাধা নেই। সুতরাং কোন সন্ত্রাসীর জায়গা এই কুষ্টিয়াতে হবেনা। আমির হামজা বলেন,আমরা যতদিন আছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, তৌহিদী জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে কোন সন্ত্রাসী কর্মকান্ড আমরা করতে দেব না।
প্রশাসনকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন,কোন দলের লেজুড়বৃত্তি করা যাবে না। সে যেই হোক। আপনারা সরকারী লোক, সরকারী দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, ইউএনও যারা সরকারীভাবে দায়িত্বে আছেন জনগনের জন্য যদি কাজ করেন তাহলে কুষ্টিয়াতে থাকবেন, জনগনের জন্য যদি কাজ না করেন তাহলে আপনাদের বিদায় দিতে বাধ্য হবে।
আমির হামজা বলেন,প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী আমরা যারা এই দেশে দিন কায়েমের স্বপ্ন দেখি আল্লাহর কসম এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি,আল্লাহর নামে শপথ নিয়েই বাড়ি থেকে বের হওয়া লাগে। সুতরাং কোন সন্ত্রাসী সামনে যেই হোক বিশেষ করে গণঅধিকার পরিষদের নাম নিয়ে আব্দুল খালেক,তৌকির এবং নাম না জানা আরো কিছু মানুষের ভিডিও ফুটেজ যেগুলো আছে আমরা তাদের নামে মামলা দিয়েছি। ২৪ঘন্টার মধ্যে যদি তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় তাহলে আমরা ডিসি অফিস ঘেরাও করব।
তিনি আরও বলেন,আপনাদেরকে সাবধান করছি এই কুষ্টিয়াতে কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবে না। আমার আসনের ভিতরে এটি একটা আলাদা আসন এখানকার সরকারই আমি। সুতরাং এই জায়গায় কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না। কেউ কাউকে চাঁদা দিবেন না কেউ চাঁদা নিবেন না। যদি কেউ চাইতে আসে বলবেন এমপি সাহেবের কাছে দেয়া আছে ওখান থেকে ভাগ নিবেন। কার বাবার বুকের কলিজা এত বড় হয়েছে আমি দেখবো।
প্রশাসনকে উদ্দেশ্য করে আমির হামজা বলেন,কুষ্টিয়া সদর থানার যারা দায়িত্বে যারা আছেন, এ জেলার এসপি ডিসি যারা আছেন এখন থেকে আমরা যা বলব জনগণের জন্য তাই তাদের করা লাগবে। এর ভেতর যদি কোন কিছু দেখি তাহলে এই কুষ্টিয়ায় তাদের থাকতে দেব না।
এরআগে, বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছয়রাস্তা মোড়ে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক সহ দলটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।
উল্লেখ,গণআধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার দেয়া বক্তব্য ঘিরে কুষ্টিয়া ছয়রাস্তার মোড়ে শনিবার বিক্ষোভ সমাবেশ করছিল গণধিকার পরিষদ। এসময় আমির হামজার গাড়ি ছয়রাস্তার মোড়ে পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করা হয়। এই সময় উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় আহত হন অন্তত উভয়পক্ষের ১০জন। এঘটনায় কুষ্টিয়া মডেল থানায় গণধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এজাহার দিয়েছে জামায়াত।

