নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনার লবণচরা এলাকায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রোববার (২৩ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফারুক (২১) ও মাসুদুল ইসলাম কদর (১৮)।
র্যাব-৬ জানায়, স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট খুলনার লবণচরা এলাকায় প্রায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবক হত্যার শিকার হন। ওই দিন সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম (২২)। পরে একই রাতে পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন নাজমুল (১৯)।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে মঞ্জুরুল ইসলাম হত্যার ঘটনায় লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।

