আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা চলছে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সংলাপের প্রশ্নই ওঠে না।
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তবে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত রয়েছে।
তিনি জানান, ওমানের সঙ্গে অনুষ্ঠিত আলোচনাগুলো অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। এসব বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও নিরাপদ ও কার্যকর করতে একটি নতুন রুট বা সমন্বিত কাঠামো তৈরির বিষয় গুরুত্ব পেয়েছে।
ইসমাইল বাঘাই বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের উচিত ইরানের এই উদ্যোগকে দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করা এবং বিষয়টি ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে দেখা।
তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তার ভাষ্য, এই অবরোধই বিদ্যমান অচলাবস্থার অন্যতম প্রধান কারণ।

