আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের প্রভাবের দায় ওয়াশিংটন এখন পুরো বিশ্বের ওপর চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ইসমাইল বাঘাই বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালানোর আগে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক ছিল। তবে হামলার পর গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, ট্যাংকার চলাচল কমে গেছে এবং এর প্রভাবে জ্বালানির দাম বেড়েছে।
ইরানের এই মুখপাত্রের অভিযোগ, ওয়াশিংটন নিজেদের তৈরি করা সংকটের দায় এখন ইরানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেও এর অর্থনৈতিক মূল্য পুরো বিশ্বকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে, কিন্তু এখন সেই যুদ্ধের ক্ষতিপূরণ পুরো বিশ্বকে পরিশোধ করতে হবে—এটা একেবারেই অযৌক্তিক।’
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের একটি বড় অংশ এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। ফলে প্রণালিটিতে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে এর প্রভাব পড়তে পারে।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়েছে। এ পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

