স্টাফ রিপোর্টার:
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনকে সামনে রেখে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিম। ইতোমধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নাজমুল হাসান নাসিম ছাত্ররাজনীতির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। পরবর্তীতে তিনি খুলনা মহানগর যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় বিভিন্ন কর্মসূচিতে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় নানা বিষয়ে মতবিনিময় করছেন নাজমুল হাসান নাসিম। কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার নাগরিক সেবা, রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা ও তরুণদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
নাজমুল হাসান নাসিম বলেন, “৩১ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করার চেষ্টা করেছি। কাউন্সিলর পদে নির্বাচন করার সুযোগ পেলে এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে নাগরিক সমস্যা সমাধানে কাজ করতে চাই।”
কেসিসি নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী আলোচনা ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় ৩১ নম্বর ওয়ার্ডেও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

