স্টাফ রিপোর্টার:
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুন্নাহার লিপি।
দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে সামসুন্নাহার লিপির। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। কলেজজীবনে তিনি সোহরাওয়ার্দী কলেজ ও বয়রা মহিলা কলেজের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি খুলনা মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় পরিবারের সদস্য হিসেবেও তার পরিচিতি রয়েছে। তিনি খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারুর স্ত্রী।
এর আগে ২০১৮ সালের কেসিসি নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ওই নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগের মধ্যেও তিনি স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হন বলে তার সমর্থকদের দাবি।
আসন্ন কেসিসি নির্বাচনকে ঘিরে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সামসুন্নাহার লিপির নামও আলোচনায় রয়েছে।
এ বিষয়ে সামসুন্নাহার লিপি বলেন, “ছাত্রজীবন থেকেই আমি মানুষের সঙ্গে থেকে রাজনীতি করে আসছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে থাকার চেষ্টা করেছি। দল যদি আমাকে দায়িত্ব দেওয়ার সুযোগ দেয়, তাহলে এলাকার নারী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। বিশেষ করে নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখতে চাই।”
তিনি আরও বলেন, “২০১৮ সালের নির্বাচনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমি জনগণের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে এখনও অনুপ্রাণিত করে। এবারও দলীয় সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই মেনে কাজ করব।”

