বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত বাগেরহাট শহরের নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। বিকেলে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ সুপার জানান, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের ধরতে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বিভিন্ন গমনাগমনের পথ ব্লকেড করে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হয়। পাশাপাশি স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কয়েকটি বসতঘরেও তল্লাশি চালানো হয়।
অভিযানে সাতজন পুরুষ ও একজন নারীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা, যার ওজন ২০০ গ্রাম, ৪ লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার পতিতালয় এলাকার পলি (৪৫)।
অন্যদিকে, জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন পুকুরপাড়ে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেন। উদ্ধার করা জাল নোটের প্রতিটির মূল্য এক হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)।
এদিকে বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে ১০ দশমিক ৪৩ গ্রাম হেরোইনসহ মোছা. হাফিজা খাতুন (৩৭) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হাফিজা খাতুন মানিকনগর গ্রামের বিল্লাল হোসেন মোড়লের স্ত্রী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় হাফিজা খাতুন ও তার স্বামী বিল্লাল হোসেন মোড়লকে আসামি করে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, মাদকমুক্ত বাগেরহাট গড়তে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

