খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগর আমীর ও ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নীতি ও আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে কোনো দল বা সরকার জুলুম করতে কিংবা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পারবে না।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে মহানবী (সা.)-এর নীতি ও আদর্শ বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।
সোমবার রাতে খুলনা নগরীর খালিশপুরের আইডিইবি ভবনে এফডিইবি খুলনা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত ‘সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ও সিরাত গ্রন্থ উপহার প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফুজুর রহমান বলেন, মহানবী (সা.)-এর জীবন মুসলিম উম্মাহর জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। শুধু মহানবী (সা.)-এর আদর্শের কথা শুনলেই এর সুফল পাওয়া যাবে না; জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, রাসূলে করীম (সা.)-এর সামগ্রিক জীবনের প্রতিটি দিক ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বক্ষেত্রে অনুসরণের মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত ভালোবাসার প্রকাশ ঘটে। তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর সিরাত অধ্যয়ন এবং তাঁর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জ্ঞানচর্চা, উত্তম চরিত্র গঠন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফডিইবি খুলনা মহানগরী সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও এফডিইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন, বিজেএমসির সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোল্লা আলমগীর, মাওলানা মোল্লা হুসাইন বিন আমজাদ এবং এফডিইবি মহানগরীর উপদেষ্টা আব্দুল মান্নান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এম আল আমিন আকাশ। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রকৌশলী আরিফুল ইসলাম। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন প্রেরণা সাহিত্য সাংস্কৃতিক সংসদ খুলনার শিল্পী মো. ইব্রাহিম খলিল।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্যও গুরুত্বপূর্ণ পথনির্দেশনা। তাঁর সিরাত অধ্যয়ন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাঁর শিক্ষা অনুসরণের মাধ্যমে সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানে কেডিএ ডিপ্রকৌসের সভাপতি প্রকৌশলী মাহমুদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত প্রকৌশলীদের মধ্যে সিরাত গ্রন্থ বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

