খুলনা প্রতিনিধি
ডেঙ্গুর সংক্রমণ কমাতে আগামী এক মাস সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ ও তা কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ডেঙ্গু সংক্রমণ হ্রাসে প্রধানমন্ত্রী তিন মাসের কর্মসূচি ঘোষণা করেছিলেন। এর মধ্যে এক মাস এখনো বাকি রয়েছে। এ সময়ে পরিকল্পিত উদ্যোগ নেওয়া ও বাস্তবায়ন করা গেলে ডেঙ্গু নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া সম্ভব।
বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রশাসক হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ অন্যান্য ওয়ার্ডের কার্যক্রম এবং সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের সামনের সড়কে যানজট পরিস্থিতিও পর্যালোচনা করেন তিনি। হাসপাতালের সামনে যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে আরও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্বারোপ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, হাসপাতালটির উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে যেসব উদ্যোগ নেওয়া দরকার, সে বিষয়ে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।
এদিকে হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি নগরীর ১৮ ও ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতিও পরিদর্শন করেন কেসিসি প্রশাসক।
এ সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মোনাজাতের মধ্য দিয়ে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পল্লীমঙ্গল শামছুল উলুম খাদেমুল ইসলাম মাদরাসা ও মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সাবেক কাউন্সিলর মো. হাফিজুর রহমান মনি, মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ আজম খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন খোকন, সমাজসেবক অধ্যাপক আবুল কালাম আজাদ, শওকত হোসেন ও হাফেজ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

