খুলনা প্রতিনিধি:
খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৫১ পিস ইয়াবা, নগদ টাকা ও মাদক বিক্রির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কয়রা উপজেলার দক্ষিণ মদিনাবাদ গ্রামের মো. আলাউদ্দিন ফকির (৪২), মো. শাহাজান ফকির (৪০) ও মো. আরিফুল ইসলাম (৫৫)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে কয়রা থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমানের নেতৃত্বে দক্ষিণ মদিনাবাদ গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন ফকিরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ৫০ মিনিটে উপজেলার মহারাজপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাজান ফকির ও আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১৫১ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশের হিসাবে, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ হাজার ৩০০ টাকা এবং ওজন ১৫ দশমিক ১ গ্রাম। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৪ হাজার ৫৭০ টাকা, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ও তিনটি জিপার ব্যাগ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কয়রা থানায় একটি মামলা করা হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত কয়রা গড়তে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

