বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

খুলনা প্রতিনিধি:

দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি ব্যয় কমানো এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের (বাকেশি) প্রাঙ্গণে স্থাপিত ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অব্যবহৃত ছাদ ও স্থাপনাগুলো কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন এ উদ্যোগেরই অংশ।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে একদিকে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপও কমানো সম্ভব হবে। দেশের উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জ্বালানি দক্ষতার সমন্বয় করতে হবে। দেশের সম্ভাবনাময় প্রতিটি ছাদ ও স্থাপনাকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের সুযোগ রয়েছে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন ও এর ব্যবহার উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের কর ছাড় এবং উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুতের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে গ্রাহকরা প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে বিশেষ প্রণোদনা পাবেন।

তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি সাশ্রয়ী ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব ও বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের চেয়ারম্যান বিলকিস জাহান রিমি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাকেশিতে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের ফলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুয়াই জাহানাত।

উল্লেখ্য, ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টটি স্থাপনে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যয় হয়েছে ৫ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৭১৫ টাকা। প্ল্যান্টটি চালু হওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি মাসে প্রায় ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে।

প্রতিষ্ঠানটির প্রায় ৯০০ কিলোওয়াট বিদ্যুৎ চাহিদা পূরণের পর অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। সংশ্লিষ্টদের আশা, প্ল্যান্টটি স্থাপনে ব্যয় হওয়া অর্থ প্রায় চার বছরের মধ্যে উঠে আসবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493