খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়ার পর ভাঙচুর চালিয়েছে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত। শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় ক্লিনিকে থাকা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মোটরসাইকেলে করে ৭ থেকে ৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ক্লিনিকটির বিপরীত দিক থেকে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও অভ্যর্থনা (রিসেপশন) এলাকায় ভাঙচুর চালায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা রাস্তায় দাঁড়িয়ে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ বলে জানান তিনি।
ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়া ও ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে ঘটনার কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

