স্টাফ রিপোর্টার:
সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, নীতি-নৈতিকতা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর নবনিযুক্ত মহাপরিচালক ও বিশিষ্ট কবি-সাংবাদিক ফারুক ওয়াসিফ।
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফারুক ওয়াসিফ বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি সমাজের দর্পণ এবং পরিবর্তনের অন্যতম হাতিয়ার। পরিবর্তিত প্রেক্ষাপট ও প্রযুক্তিনির্ভর সময়ে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ বেড়েছে। অপসাংবাদিকতা রোধ এবং পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ঢাকার বাইরে মফস্বল ও বিভাগীয় পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবি পর্যায়ক্রমে আরও আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে।
খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এতে খুলনায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহসভাপতি মো. জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ ও কে এম জিয়াউস সাদাত এবং ক্লাব সদস্য সোহাগ দেওয়ান, আব্দুল্লাহ আল মামুন রুবেল, ডি এম রেজা সোহাগ ও মো. রাজু হাওলাদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য মো. আনিসউদ্দিন, ক্লাব সদস্য মো. হুমায়ুন কবীর, রামিম চৌধুরী, মো. হেলাল মোল্লা, মো. খায়রুল আলম, মো. হাসানুর রহমান তানজির, নূরুল আমিন নূর, মো. রাজু আহমেদ, অস্থায়ী সদস্য ফকির শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক।
এর আগে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় শেষে খুলনা প্রেসক্লাবের লাইব্রেরির জন্য পিআইবি প্রকাশিত ছয়টি বই উপহার দেন তিনি।

