স্টাফ রিপোর্টার, খুলনা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরীর সাবেক সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মো. আহাদ আলীর ছোট ছেলে আল আমিন অনিক (২৮) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি খান বাহাদুর আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালীন তাঁর রক্তের প্লাটিলেট কমে ৮ হাজারে এবং হিমোগ্লোবিন ৬-এ নেমে আসে। এ অবস্থায় চিকিৎসকরা তাঁর রক্ত পরিবর্তনের (ব্লাড এক্সচেঞ্জ) সিদ্ধান্ত নেন। গত শুক্রবার (২ অক্টোবর) রক্ত পরিবর্তনের সময় সকাল ১০টার দিকে অবস্থার মারাত্মক অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে একই দিন রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মরহুমের মরদেহ খুলনা মহানগরীর টুটপাড়া আহাদ আলী লেনস্থ নিজ বাসভবনে পৌঁছালে স্বজন ও সহপাঠীদের কান্নায় পুরো এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
একই দিন জোহরের নামাজ শেষে খুলনা আলিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর পিতা অধ্যক্ষ মো. আহাদ আলী।
জানাজায় খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খেলাফত মজলিসের মহানগরী সভাপতি হারুন অর রশীদ, আদর্শ শিক্ষক ফেডারেশনের মহানগরী সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, খুলনা সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমান, মহানগরী যুববিভাগের সেক্রেটারি হামিদুল হক খান, জামায়াত নেতা মাহমুদ হাসান জিকুসহ বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের শত শত মুসল্লি অংশ নেন। জানাজা শেষে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি মা-বাবা, নিকটাত্মীয়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিভিন্ন মহলের শোক প্রকাশ: খান বাহাদুর আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আল আমিন অনিকের অকালমৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার এমপি শোক প্রকাশ করেন।
পৃথক বিবৃতিতে খুলনা মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান গভীর শোক জানান। এছাড়া খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেনও অনুরূপ শোক বার্তা দিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন, তাঁর ভুলত্রুটি মাফ করে নেক আমলসমূহ কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন।” একই সাথে শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন তারা।

