খুলনা প্রতিনিধি:
শিশুদের সুরক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও প্রতিভা বিকাশে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার। তিনি বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
বুধবার (৭ অক্টোবর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের অতিথি ও অংশগ্রহণকারীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন। কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিভাগীয় কমিশনার বলেন, শিশু সুরক্ষায় প্রয়োজনীয় আইন প্রণয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুষ্টি ও স্বাস্থ্যের উন্নয়নে সরকার কাজ করছে। পাশাপাশি শিশুদের প্রতিভা বিকাশের জন্যও নানা সুযোগ তৈরি করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও এখন তাদের সৃজনশীলতা প্রকাশের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম পাচ্ছে।
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের প্রতিভা বিকাশের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, খেলাধুলা, গান ও বিজ্ঞানচর্চায় শিশুদের আগ্রহী করে তুলতে হবে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার সরকার ওমর ফারুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

