খুলনা ব্যুরো:
খেলার মাঠে লড়াই শুরুর আগেই জমে উঠেছে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উত্তাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে চারটি দলের নিলাম ও প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় নিজেদের দল শক্তিশালী করতে খেলোয়াড় বাছাইয়ে দলগুলোর প্রতিনিধিদের মধ্যে ছিল উৎসাহ ও প্রতিদ্বন্দ্বিতার আমেজ।
রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নিলাম ও প্লেয়ার ড্রাফটের এ আয়োজন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের মাঠের লড়াইয়ের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
নিলাম ও ড্রাফট পর্বে অংশ নেওয়া চার দলের প্রতিনিধিরা নিজেদের পছন্দের খেলোয়াড় দলে ভেড়াতে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে অংশ নেন। খেলোয়াড় নির্বাচনের প্রতিটি ধাপেই ছিল আগ্রহ ও প্রাণচাঞ্চল্য। ড্রাফট শেষে চার দলের কাঠামোও অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে। এখন মাঠের পারফরম্যান্সের মধ্য দিয়েই নিজেদের দলকে সেরা প্রমাণের অপেক্ষা।
এ সময় খুলনা প্রেসক্লাবের সদস্যসহ ক্রীড়ামোদী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নিলাম ও প্লেয়ার ড্রাফট সম্পন্ন হওয়ায় টুর্নামেন্ট আয়োজনের গুরুত্বপূর্ণ প্রস্তুতি শেষ হয়েছে। খুব শিগগিরই মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করা হবে।
সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে ক্রীড়াঙ্গনে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতেই এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

