খুলনা প্রতিনিধি:
স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ‘আশা’ এনজিওর শাখা ব্যবস্থাপক মো. মফিজুল ইসলামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত, দৌলতপুরের বিচারক মো. আসাদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলনার দৌলতপুর থানার দেওয়ানা পূর্বপাড়া বায়তুল আমান জামে মসজিদ সড়ক এলাকার বাসিন্দা ড. মাহাবুবুর রহমানের মেয়ে মিতা পারভীন বাদী হয়ে স্বামী মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলাটি করেন।
আদালতে মামলার শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করে মফিজুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মো. মফিজুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলার চণ্ডীপুর গ্রামের মৃত দবির শেখের ছেলে। তিনি বর্তমানে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি শাখায় ‘আশা’ এনজিওর ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।
মামলাটির পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে।

