খুলনা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলার সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে বিএনপি। জেলার নয়টি উপজেলা ও দুটি পৌরসভার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের পূজামণ্ডপের নিরাপত্তায় সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রের পরিপ্রেক্ষিতে বুধবার যৌথ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ অক্টোবর থেকে অনুষ্ঠেয় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ঘটতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, সংহতি এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী দলটির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে অপতৎপরতা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে শান্তি, স্বস্তি ও নিরাপদ পরিবেশে উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।
বিজ্ঞপ্তিতে প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পূজামণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব টিমকে দিন-রাত পাহারার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।
এ ছাড়া প্রতিটি ইউনিটের নিরাপত্তা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে সাধারণ মানুষকে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

