খুলনা প্রতিনিধি:
ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে খুলনায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। দেশব্যাপী চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে প্রতি শনিবার এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১০ অক্টোবর) খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলা রোভার স্কাউট, গার্ল গাইডস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
অভিযানের আওতায় খুলনা কালেক্টরেট ভবন, সরকারি ব্রজলাল কলেজ, সরকারি শিশু পরিবার (বালিকা), রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মেট্রোপলিটন পুলিশ লাইন্স স্কুল, ফাতিমা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে কোথাও পানি জমে থাকছে কি না, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা ও সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তুলতে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

