খুলনা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা মহানগরীর ৭৭টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। শনিবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজায় খুলনা নগরী উৎসবমুখর হয়ে ওঠে। নগরীর মানুষের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের নিবিড় সম্পর্ক রয়েছে। পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির মধ্য দিয়েই এ সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সর্বোচ্চ সতর্কতা ও সহযোগিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পূজা উদ্যাপন পরিষদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৃথকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। পূজা শুরুর আগেই এসব সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কেসিসি প্রশাসক ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পূজামণ্ডপ পরিদর্শন এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি পূজার আয়োজন নির্বিঘ্ন করতে রাজনৈতিক নেতাদেরও পাশে থাকার আহ্বান জানান তিনি।
নগরীর পূজামণ্ডপ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিয়ে নজরুল ইসলাম বলেন, পূজা চলাকালে যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে কার্যকর ভূমিকা রাখতে হবে। নিরাপত্তার স্বার্থে পূজামণ্ডপগুলোতে নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের জন্যও মণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, খুলনা নগরীর সব ধর্মের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা।
এ ছাড়া সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী সত্যানন্দ দত্ত, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, মহানগর পূজা উদ্যাপন ফ্রন্টের জ্যেষ্ঠ সহসভাপতি উজ্জ্বল কুমার সাহা, শীতলামাতা ঠাকুরাণী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহাসহ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহানগরীর ৭৭টি পূজামণ্ডপের প্রতিটিকে ১০ হাজার টাকা করে নগদ অনুদান দেওয়া হয়।

