পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোশাররফ হোসেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ তাঁকে স্বাগত জানান।
পরিদর্শনকালে ডা. মোশাররফ হোসেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্র ঘুরে দেখেন। পরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের চিকিৎসা ও সেবার বিষয়ে জানতে চান।
এ সময় হাসপাতালের সার্বিক কার্যক্রম সন্তোষজনক রাখা এবং রোগীদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, ডা. সঞ্জয় কুমার মণ্ডল, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

