খুলনা প্রতিনিধি:
সাংবাদিকতা পেশায় চার দশক ধরে অবদান রাখায় খুলনা প্রেসক্লাবের ১০ জন প্রবীণ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহযোগিতায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান মিজানুর রহমান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান এবং নারী উদ্যোক্তা শামীমা সুলতানা শিলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
সাংবাদিকতা পেশায় দীর্ঘ চার দশকের অবদান, নিষ্ঠা ও সমাজ গঠনে ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রবীণ সাংবাদিকদের ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়।
সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক, দ্য নিউ নেশনের মুনির উদ্দিন আহমেদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, অনলাইন নিউজ পোর্টাল চর্চার বিশেষ প্রতিনিধি শেখ আবু হাসান, এনটিভির খুলনা ব্যুরোপ্রধান মুহাম্মদ আবু তৈয়ব, ইউএনবির শেখ দিদারুল আলম, দৈনিক সময়ের খবরের নিউজ এডিটর মাসুদুর রহমান রানা, নতুন দিগন্তের খুলনা ব্যুরোপ্রধান মো. আনিসুজ্জামান, নয়া দিগন্তের খুলনা ব্যুরোপ্রধান মো. এরশাদ আলী এবং সাপ্তাহিক কোলাহলের সম্পাদক মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রবীণ সাংবাদিকেরা দীর্ঘ কর্মজীবনে সততা, সাহস ও বস্তুনিষ্ঠতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তাঁরা আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও সত্য প্রকাশে প্রবীণ সাংবাদিকদের আপসহীন ভূমিকা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁদের অভিজ্ঞতা ও পেশাগত মূল্যবোধ কাজে লাগিয়ে আগামী দিনের সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের উপস্থিত সদস্যদেরও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন ক্লাবের সহসভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক বশির হোসেন এবং নির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ) ও মো. আনিস উদ্দিন।
অনুষ্ঠানে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল, আমন্ত্রিত অতিথি, খুলনা প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথি ও সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

