খুলনা প্রতিনিধি
খুলনার সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকায় বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বসুপাড়া বকুলতলা শতরুপার মোড়ে বাড়িভাড়া নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ির মালিক মজলিস খান তাঁর হাতে থাকা লাঠি দিয়ে রকিবুলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাড়িভাড়া নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে বাড়িওয়ালা ভাড়াটিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাড়ির মালিককে আটক করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মিরাজ খান বলেন, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

