রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

প্রশ্ন করতে না দেওয়ার অভিযোগ, খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের

খুলনা প্রতিনিধি:

খুলনা রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রশ্ন করার সুযোগ না দেওয়া এবং ছবি তোলা ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সভা বর্জন করে বেরিয়ে গেছেন খুলনার সাংবাদিকরা।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া সাংবাদিকদের অভিযোগ, মতবিনিময় সভা আয়োজন করা হলেও তাঁদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। পাশাপাশি ছবি তোলা ও ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা ছিল। বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে বা বক্তব্য তুলে ধরতে চাইলে তাঁদের থামিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা সভা বর্জন করেন।

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় হবে, অথচ প্রশ্ন করা যাবে না, এটি কোনো যৌক্তিক কথা হতে পারে না। সাংবাদিকরা কোন সভায় যোগ দেবেন, কী প্রশ্ন করবেন বা কী কথা বলবেন, তা নির্ধারণ করে দেওয়া কিংবা ক্যামেরার সামনে একজন সরকারি কর্মকর্তার কথা বলতে না পারার মতো পরিস্থিতি নতুন সৃষ্টি হলো। এ কারণে আমিসহ সাংবাদিকরা সভা বর্জন করে ফিরে গেছি।’

সাংবাদিকদের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধপ্রবণতা, পুলিশের কার্যক্রম এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানা গণমাধ্যমের পেশাগত দায়িত্ব। প্রশ্ন করার সুযোগ না থাকলে প্রকৃত অর্থে মতবিনিময় সম্ভব নয়।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে ডিআইজির বক্তব্য পেতেও ভোগান্তির অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা। তাঁদের দাবি, বিভিন্ন সংবাদ-সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোন, খুদে বার্তা (এসএমএস) ও সাক্ষাতের অনুরোধ করেও সাড়া পাওয়া যাচ্ছে না। যোগাযোগ করা হলে হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়। ডিআইজি সাক্ষাৎকার দেবেন না বলেও জানানো হয়েছে বলে অভিযোগ তাঁদের।

গণমাধ্যমকর্মীরা বলছেন, কোনো জেলার অপরাধের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সুপারের বক্তব্য প্রয়োজন হতে পারে। তবে বৃহত্তর আইনশৃঙ্খলা পরিস্থিতি, আন্তজেলা অপরাধ, সমন্বিত অভিযান এবং রেঞ্জ পুলিশের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ডিআইজির বক্তব্যও গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য পাওয়া না গেলে সংবাদ যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নিয়ে প্রতিবেদন তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

সাংবাদিকদের মতে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যমের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান-প্রদান থাকা প্রয়োজন।

গত ১৮ সেপ্টেম্বর খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. রেজাউল করিম। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। তবে সভায় অংশ নেওয়া সাংবাদিকদের অভিযোগ, তাঁদের প্রশ্ন করার সুযোগ না দিয়ে পরিচয়পর্বের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখতে চাওয়া হয়েছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581