খুলনা প্রতিনিধি
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মালিকানাধীন ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের কার্যকর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে নগরীর যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালু, রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা এবং ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত কেসিসির পরিচালনা কমিটির ১৪তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভা পরিচালনা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
সভায় নগরীর যানজট নিরসনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া স্যুয়ারেজ লাইন স্থাপনে খুলনা ওয়াসার খনন করা রাস্তাগুলো মেরামতের বিষয়ে সংস্থাটির সঙ্গে সমঝোতা স্মারকে কেসিসির প্রস্তাবিত শর্ত অনুমোদন করা হয়।
নগরীর রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা এবং রাস্তায় অবাধে বিচরণকারী বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় কমিটি গঠন ও কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ডিপিএম পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড থেকে মশক নিধনের ওষুধ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়। এ লক্ষ্যে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ইউনিপোল, বিলবোর্ড, প্যানা ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালানো হবে।
এ ছাড়া কেসিসির কনজারভেন্সি শাখার ঝাড়ুদারসহ সংশ্লিষ্ট কর্মীদের দিয়ে দৈনিক চার ঘণ্টা করে দুই শিফটে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের কাজে নিয়োজিত বিভিন্ন এনজিও, সিবিও, সংগঠন ও ব্যক্তি উদ্যোক্তার ভ্যানচালকদের তালিকাভুক্ত করে বর্জ্য অপসারণে শৃঙ্খলা আনা হবে। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অ্যাপ্রোন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের নাম পরিবর্তনের উদ্যোগ
সভায় প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুর রহমানের নামে ‘খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ’-এর বিজ্ঞান ভবনের নামকরণের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া ময়লাপোতা মোড়সহ কেডিএ অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সরণি’ রাখার বিষয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টোল ও ভাড়া নির্ধারণে কমিটি
খুলনা সিটি করপোরেশন মার্কেট উপ-আইন, ২০১৪-এর ৩ নম্বর উপধারা অনুযায়ী গঠিত দোকান বরাদ্দ কমিটির সুপারিশ অনুমোদন করা হয়েছে। সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল ও কেসিসি পাইকারি কাঁচাবাজারে মালামাল পরিবহনে ব্যবহৃত ইজিবাইক থেকে দৈনিক ১০ টাকা হারে টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন কেনা ছোট প্লেট কম্প্যাক্টর, রিভার্সিবল প্লেট কম্প্যাক্টর এবং প্রাইম মুভার উইথ লো-বেড ট্রেইলারের ভাড়া নির্ধারণে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের জন্য কমিটি গঠন করা হবে। এ ছাড়া হোল্ডিংয়ের নামজারি ফি নির্ধারণে তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার হোসেন, কেডিএর সদস্য (প্রশাসন ও অর্থ) এম এম মাহমুদুর রহমান, মোংলা বন্দর কর্তৃপক্ষের উপব্যবস্থাপক (প্রশাসন) এস এম মাইদুল ইসলাম, খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাকারিয়া, বিটিসিএলের উপমহাব্যবস্থাপক এস এম সাদমান রহমান এবং গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাহমুদুল হক উপস্থিত ছিলেন।

