রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনার ৮৮৭ পূজামণ্ডপের নিরাপত্তায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ

খুলনা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে খুলনা জেলার ৮৮৭টি পূজামণ্ডপে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টায় খুলনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সদস্যসচিব, জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

প্রধান অতিথির বক্তব্যে জয়ন্ত কুমার কুন্ডু বলেন, খুলনা জেলার ৮৮৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। পূজা উদ্‌যাপন কমিটিগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জনসমাগমের সুযোগ নিয়ে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে মন্দির এলাকায় দায়িত্ব পালনকারী বিএনপির স্বেচ্ছাসেবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি মোটরসাইকেল শোভাযাত্রা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আবহমানকাল ধরে সনাতন ধর্মাবলম্বীরা উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব উদ্‌যাপন করে আসছেন। অন্যায়, অবিচার ও অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠাই এ উৎসবের অন্যতম তাৎপর্য। দুর্গাপূজার আনন্দ নির্বিঘ্ন করতে বিএনপির নেতাকর্মীরা আন্তরিকভাবে পাশে থাকবেন।

সভায় উপস্থিত নেতারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পূজা উপলক্ষে গঠিত পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক এস এম শামীম কবির, এনামুল হক সজল, কে এম আশরাফুল আলম নান্নু, মল্লিক সুলতান মাহমুদ, আব্দুস সালাম, নাজমুস সাকির, মনিরুজ্জামান লেলিন, বাবু নিত্যানন্দ, অ্যাডভোকেট অরবিন্দু কুমার, জেলা শ্রমিক দলের উজ্জ্বল কুমার সাহা, জেলা যুবদলের সভাপতি নাদিমুজ্জামান জনি, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জিএম রাসেল ইসলাম, হারুনার রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্যসচিব খান ইসমাঈল হোসেন এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় খুলনার কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে আগামী ৫ নভেম্বর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর খুলনা সফর এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপনে করণীয় বিষয়ে আলোচনা করা হবে।

একই দিন বিকেল ৫টায় খুলনা জেলা পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা উপস্থিত থাকবেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581