খুলনা প্রতিনিধি
ভৌগোলিক অবস্থানের কারণে খুলনা অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও প্রাকৃতিক ঝুঁকি বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় তরুণদের সংগঠিত করার পাশাপাশি শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলা ও মানবিক সেবায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকর ও সক্রিয় ইউনিট গড়ে তুলতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিট আয়োজিত দিনব্যাপী ‘ইয়ুথ সামিট’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা অঞ্চলের মানুষ প্রতিবছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হন। এসব ঝুঁকি কমাতে বাস্তবমুখী ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি তরুণদের মানবিক সেবায় উদ্বুদ্ধ করতে সময়োপযোগী ভূমিকা রাখছে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণ প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
ছয় কলেজে গঠিত হয়েছে জলবায়ু দূত দল
সামিটে জানানো হয়, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে ‘রেসপনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’-এর আওতায় খুলনা ও বাগেরহাটের নির্বাচিত ছয়টি কলেজে ‘ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডর’ বা জলবায়ু দূত দল গঠন করা হয়েছে।
এসব দলের সদস্যরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু অভিযোজনবিষয়ক বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করছেন। তরুণদের অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় সাংগঠনিক কাঠামোর সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়ানোই ছিল সামিটের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান আরিফুজ্জামান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান মনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ এফ এম আবদুর রাজ্জাক, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষক মো. সোহরাব হোসেন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের রেড ক্রিসেন্ট সমন্বয়ক মো. বুলবুল আহমেদ, সিটি ইউনিটের উপসহকারী পরিচালক রেকসোনা খাতুন, জেলা ইউনিটের সহকারী পরিচালক মো. তরিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক ডি এম নাজমুল আলম এবং আমেরিকান রেড ক্রসের প্রতিনিধিরা।
সামিটে তিনটি কলেজের ৯০ জন নিবন্ধিত ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডরসহ সুশীল সমাজ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। পুরো আয়োজনটি পরিচালনা করেন খুলনার পিও মো. জহিরুল ইসলাম।

