মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের সকালের নাস্তায় পচা ডিম, অপুষ্ট কলা ও নির্ধারিত ওজনের চেয়ে কম পাউরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে এসব অনিয়মের চিত্র দেখতে পান মেহেরপুর জেলা বিএনপির নেতাকর্মীরা।
হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার অংশ হিসেবে রোগীদের খাবারের মান যাচাই করতে গিয়ে এসব অনিয়ম নজরে আসে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। পরে হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড ও বারান্দা পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি রোগীদের খাবারের মান পর্যবেক্ষণে রান্নাঘরে যান তাঁরা।
সেখানে সকালের নাস্তায় সরবরাহের জন্য প্রস্তুত রাখা ডিম, কলা ও পাউরুটি পরীক্ষা করে অনিয়মের অভিযোগ তোলেন নেতাকর্মীরা। তাঁদের দাবি, রোগীদের জন্য রাখা ডিমের বেশির ভাগই নষ্ট বা পচা, কলাগুলো আকারে ছোট ও অপরিপুষ্ট এবং পাউরুটির ওজন নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক কম।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, হাসপাতালে রোগীদের যে খাবার সরবরাহ করা হচ্ছে, তার মান অত্যন্ত খারাপ। নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিটি পাউরুটির ওজন ৮০ গ্রাম হওয়ার কথা থাকলেও রান্নাঘরে পাওয়া পাউরুটিগুলোর ওজন ২০ গ্রামও হবে না বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, রোগীদের জন্য আনা ডিমের বেশির ভাগই নষ্ট ও পচা এবং কলাগুলোও অপরিপুষ্ট। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা এসব অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয়ে হাসপাতাল প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
পরিচ্ছন্নতা অভিযানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে খাবার সরবরাহের অনিয়মের অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।

