খুলনা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) পাইকগাছা উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া নির্ধারিত পণ্য উৎপাদন ও বিক্রি এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠান তিনটিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো পাইকগাছা পৌরসভার মোড়ে অবস্থিত মর্ডান বেকারি ও ফ্রেন্ডস কেক এবং হাসপাতাল রোডের বেকার্স লাইঞ্জ।
অভিযান সূত্রে জানা যায়, সিএম লাইসেন্স ছাড়া চানাচুর উৎপাদন ও বিক্রি এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মর্ডান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে লাইসেন্স ছাড়া কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে ফ্রেন্ডস কেককে ১০ হাজার টাকা এবং ব্রেড উৎপাদন ও বিক্রির অভিযোগে বেকার্স লাইঞ্জকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, খুলনার ফিল্ড অফিসার (সিএম) মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
পণ্যের মান নিশ্চিত করা এবং মান ও লাইসেন্সসংক্রান্ত বিধিবিধান বাস্তবায়নের লক্ষ্যে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়।

