বাগেরহাট প্রতিনিধি:
মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় বাগেরহাটে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন স্প্রে ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ২২ বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্ট। একই সঙ্গে সচেতনতামূলক র্যালির মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয়দের পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনসিসির উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিসেস পারভীন আক্তার।
অভিযানের অংশ হিসেবে বিএনসিসির ক্যাডেটরা কলেজ ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশাবাহিত রোগ থেকে সুরক্ষায় করণীয় বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সচেতন করা হয়। পরে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় মশক নিধন স্প্রে করা হয়।
এর আগে বিএনসিসির ক্যাডেট ও শিক্ষকদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচির শেষ পর্যায়ে কলেজের পুকুরপাড়ে বৃক্ষরোপণ করা হয়। এর মাধ্যমে একদিকে যেমন সবুজ পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়, অন্যদিকে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার বার্তা দেওয়া হয়।
বিএনসিসির কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান ফারুকী বলেন, “মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু একদিনের অভিযান যথেষ্ট নয়। প্রত্যেককে নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংস এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।”
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বেশি করে গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে বিএনসিসির ক্যাপ্টেন আনোয়ার হোসেন মৃধা, কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান ফারুকী, ক্যাডেট আন্ডার অফিসার জান্নাতুন নাঈম, ক্যাডেট কর্পোরাল মো. ফাহিম ফয়সল, মিরাজ চাকলাদার, ক্যাডেট ল্যান্স কর্পোরাল মাদীন বিল্লাহ, সৈকত, জয়ন্ত, হাসনাই, জিহাদ, সাজিদ, সাকিব, হুমায়রা, যুথি, খাদিজা ও লুনাসহ বিএনসিসির ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

