খুলনা প্রতিনিধি:
শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়। নগরীর প্রতিটি ওয়ার্ডে শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে ফুটসাল মাঠ নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
শুক্রবার সকালে নগরীর রূপসা স্ট্র্যান্ড রোডে ব্যাপ্টিস্ট শিশু সদনে আয়োজিত ‘পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিশু সদনের সাবেক শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানটি এ পুনর্মিলনীর আয়োজন করে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরবাসীর কল্যাণ নিশ্চিত করা কেসিসির অন্যতম প্রধান দায়িত্ব। শিক্ষা ও প্রাথমিক চিকিৎসার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্যকর পরিবেশ এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এজন্য শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যাপ্টিস্ট শিশু সদনের দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এমন একটি মানবিক প্রতিষ্ঠান পরিচালনা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ প্রতিষ্ঠানে শিক্ষা নিয়ে যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের সাফল্যের গল্প নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।
তিনি আরও বলেন, শিশুদের শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে ব্যাপ্টিস্ট শিশু সদন যে ভূমিকা পালন করছে, তা অন্যদের জন্যও অনুসরণীয়। প্রতিষ্ঠানটির উন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে এ প্রতিষ্ঠানকে মডেল হিসেবে নিয়ে কেসিসির উদ্যোগে অনুরূপ একটি প্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি মিথিলেস বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনারশীপ কোঅর্ডিনেটর এ্যাডয়ার্ড এলিও মধু এবং জার্মানের লিবেনজিল মিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি রেভা. মিখা উলমার। স্বাগত বক্তব্য দেন প্রকল্প ম্যানেজার রেভা. রূপক হেবল বালা। এ সময় শিশু সদনের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে মাঠপর্যায়ে কেসিসি
এদিকে নগরীতে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে কেসিসির চলমান ক্রাশ প্রোগ্রামও পরিদর্শন করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শুক্রবার সকালে তিনি মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড সংলগ্ন এলাকা এবং রূপসা নতুন বাজার চর কলোনীতে চলমান কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় তিনি মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। কেসিসির কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনে কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও জোন ‘সি’ অঞ্চলের ক্রাশ প্রোগ্রাম তদারকি কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক জাফরুল্লাহ খান সাচ্চু, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি ও ইউসুফ হারুন মজনুসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবিদ মুজিবর রহমানের স্মরণে নাগরিক শোকসভা
শুক্রবার সন্ধ্যায় নগরীর উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ ও রতন সেন পাবলিক লাইব্রেরীর সাবেক সভাপতি প্রফেসর মুজিবর রহমানের প্রয়াণে আয়োজিত নাগরিক শোকসভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
রতন সেন পাবলিক লাইব্রেরীর উদ্যোগে আয়োজিত এ শোকসভায় প্রয়াত শিক্ষাবিদের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের কথা স্মরণ করা হয়।
একই দিনে শিশুদের ভবিষ্যৎ গঠন থেকে শুরু করে নগরীর জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার কার্যক্রম এবং একজন গুণী শিক্ষাবিদের স্মরণ তিনটি ভিন্ন আয়োজনে অংশ নিয়ে নগরবাসীর কল্যাণে কেসিসির বহুমুখী কার্যক্রমের কথা তুলে ধরেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

