কয়রা খুলনা প্রতিনিধি:
কয়রা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবাগত ওসি মো. রাশেদুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়রাকে শান্তিপূর্ণ রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এলাকার বিভিন্ন সমস্যা, অপরাধ ও জনদুর্ভোগের বিষয়গুলো সাংবাদিকদের মাধ্যমে দ্রুত সামনে আসে। এসব বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে। এ ক্ষেত্রে তিনি কয়রায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
সভায় বক্তব্য দেন সাংবাদিক মোহা. হুমায়ুন কবির, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু, মাস্টার আবদুর রউফ, শহিদুল্যাহ শাহিন, গোলাম রব্বানী, অরবিন্দ কুমার মন্ডল, জাহাঙ্গীর কবির টুলু, নুরুল আমিন নাহিন, শেখ কওছার আলম, মজিবার রহমান, মাস্টার হাবিবুল্লাহ, মো. ফরহাদ হোসেন, জিয়াউর রহমান ঝন্টু, আবু ওবায়দা, ডিএম জাহিদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রবিউল ইসলাম, মল্লিক আবদুর রউফ ও আরিফুর রহমানসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ওসি ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

