স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নতুনভাবে সাজানো হয়েছে। সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে সংগঠনটির ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদ। শনিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম প্রকাশ করেছে কোয়াব।
নতুন উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চার সাবেক অধিনায়ক—খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, সালমা খাতুন ও শাহরিয়ার নাফীস।
এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ আশরাফুল হক, আতহার আলী খান, শাথিরা জাকির, সানোয়ার হোসেন, এনামুল হক মনি, সেলিম শহীদ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, নিয়ামুর রশিদ রাহুল, ইসতিয়াক সাদেক, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী ও আনিসুল হাকিম।
কোয়াব জানিয়েছে, ক্রিকেটারদের কল্যাণ, অধিকার ও সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি দেশের ক্রিকেট সংস্কৃতির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে পরামর্শ দেবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।
এদিকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতেও নতুন করে তিনজনকে যুক্ত করা হয়েছে। তারা হলেন মার্শাল আইয়ুব, জিয়াউর রহমান ও মাহমুদুল হাসান রানা। তাঁরা কোয়াবের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে কোয়াব। সংগঠনটির প্রত্যাশা, নতুন উপদেষ্টাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পরামর্শ ক্রিকেটারদের কল্যাণে কোয়াবের কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

