স্পোর্টস ডেস্ক:
ফিফা এশিয়ান কাপের দ্বিতীয় স্তরের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ব্রুনাইকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক হংকং। বুধবার (৩০ সেপ্টেম্বর) হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় স্বাগতিকরা।
এই জয়ের ফলে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে হংকং। আগামী ৩ অক্টোবর একই স্টেডিয়ামে ফাইনালে কম্বোডিয়ার মুখোমুখি হবে তারা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে হংকং। প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ব্রুনাইয়ের গোলমুখে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। এ সময় আটটি শট নেয় তারা, যা ব্রুনাইয়ের নেওয়া শটের চারগুণ। তবে গোলের তিনটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি হংকং। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় ব্রুনাই। ম্যাচের ৪৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির ডিফেন্ডার হানিফ হামির। ফলে ১০ জনের দল নিয়ে খেলতে বাধ্য হয় ব্রুনাই।
একজন বেশি খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে আক্রমণের গতি বাড়ায় হংকং। ম্যাচের ৬০তম মিনিটে ফিলিপ চ্যানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর সমতায় ফেরার চেষ্টা করেও হংকংয়ের রক্ষণভাগে ভাঙন ধরাতে পারেনি ব্রুনাই।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯০+১) হংকংয়ের তারকা ফরোয়ার্ড ম্যাট অর দ্বিতীয় গোলটি করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

