ধর্ম ও জীবন ডেস্ক:
বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের নতুন চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (১৫ আগস্ট) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ আগস্ট, বুধবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি) সভায় সভাপতিত্ব করেন।
বৈঠকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হয়েছে। জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে জাতীয় চাঁদ দেখা কমিটি নিশ্চিত হয় যে, বাংলাদেশের আকাশে রবিউল আউয়ালের নতুন চাঁদ দেখা যায়নি।
চাঁদ দেখা না যাওয়ায় প্রচলিত ইসলামি পঞ্জিকা অনুযায়ী শনিবার থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। আর মাসের ১২ তারিখ পড়বে ২৬ আগস্ট বুধবার। এ দিনই মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
চাঁদ দেখার সরকারি সিদ্ধান্তের মধ্য দিয়ে এবার ঈদে মিলাদুন্নবীর তারিখও আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হলো। ধর্মপ্রাণ মুসলমানরা আগামী ২৬ আগস্ট দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন।

