বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফটোশুটের ছবিতেও ভক্তদের নজর কাড়েন। নতুন নতুন সাজে তার প্রকাশ করা ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে একাধিক নতুন ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে দেখা যায় অফ-হোয়াইট রঙের শাড়িতে।
সাজের সঙ্গে মিমের গলায় ছিল সবুজ পাথর বসানো নেকলেস। একই ধরনের পাথরের দুল ও আংটিও পরেছিলেন তিনি। খোলা চুলে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে।
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুসারীদের প্রশংসায় ভেসেছেন মিম। মন্তব্যের ঘরে অনেকেই তার সৌন্দর্য, সাজ, স্টাইল ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। কেউ কেউ তাকে দেশের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী হিসেবেও উল্লেখ করেছেন।
অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’ নামের একটি ওয়েব ছবিতে। কাজী আসাদ পরিচালিত ছবিটি গত জুনে চরকিতে মুক্তি পায়। এরপর নতুন কোনো অভিনয় প্রকল্পে তাকে দেখা যায়নি।
বড় পর্দায় মিমের সর্বশেষ উপস্থিতি ছিল কুরবানির ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। তবে সিনেমাটি দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি।
নতুন কোনো সিনেমা বা ওয়েব প্রজেক্টে কবে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে, সে অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

