বিনোদন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির বহুল আলোচিত দ্বি-বার্ষিক নির্বাচন আপাতত হচ্ছে না। আগামী ৮ আগস্ট নির্ধারিত এই নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রমও আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত জানান, এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন এগিয়ে নেওয়া যাবে না।
আদালত সূত্রে জানা যায়, এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে মামলা (নং-০৮/২০২৬) বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচন আয়োজনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট আবেদন (নং-১০৮৫৬/২০২৬) করেন চিত্রপ্রযোজক ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। আবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিষয়টি তুলে ধরা হয় এবং তা আইনসম্মত কি না, সে বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়।
রিটের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা, সিনিয়র অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান আসাদ এবং অ্যাডভোকেট মো. খাইরুল আলাম।
শুনানি শেষে আদালত একটি রুল জারি করেন। রুলে সংশ্লিষ্ট বিবাদীদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাদের নিষ্ক্রিয়তাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অকার্যকর ঘোষণা করা হবে না।
সমিতির নির্বাচন ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই প্রার্থিতা নিয়ে বিরোধ চলছিল। বিশেষ করে খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের প্রার্থিতা নিয়ে আপত্তি ওঠে। অভিযোগ ছিল, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী টানা দুই মেয়াদ দায়িত্ব পালনের পর বিরতি নেওয়ার বিধান থাকলেও তারা আবারও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
হাইকোর্টের এ আদেশে নির্বাচনপ্রত্যাশীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। প্যানেল সদস্য তানবীর হাসান বলেন, ভোটারদের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা ছিল তাদের। তবে আদালতের আদেশে সেই প্রক্রিয়া আপাতত স্থগিত হয়ে গেল।
অন্যদিকে, আদালতের আদেশ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ আদেশ হাতে পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

