রাজনীতি ডেস্ক:
গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। আগামী রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় এ কর্মসূচি পালন করা হবে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে বর্তমানে গ্যাস, বিদ্যুৎ, তেল ও সারের সংকটসহ নানা ধরনের দুর্ভোগ চলছে। সরকারের ব্যর্থতা সর্বত্র পরিলক্ষিত হচ্ছে এবং পুরো জাতি বহুমুখী সংকটের মুখোমুখি হয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, একদিকে পার্লামেন্টে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়ন না হওয়া নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে গুমের শিকার পরিবারগুলো এখনও জানে না তাদের স্বজনরা কোথায় আছেন।
তিনি আরও বলেন, বিগত সময়ে বিচারবহির্ভূতভাবে অনেক মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার বিচারও এখন পর্যন্ত হয়নি। গুমের শিকার পরিবারগুলোর দাবি ও এসব ঘটনার বিচারের বিষয়টি সামনে রেখেই আগামী ৩০ আগস্ট জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

