রাজনীতি ডেস্ক:
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পরাজিত ফ্যাসিস্ট শক্তি ও রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট একটি মহল ধারাবাহিকভাবে গণ-অভ্যুত্থানের নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, গত দুই বছর ধরে তাকেও বিভিন্ন ধরনের ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের মুখোমুখি হতে হয়েছে, তবে এ পর্যন্ত কেউ কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা বিশ্বাসযোগ্য অভিযোগ উপস্থাপন করতে পারেননি।
তিনি আরও উল্লেখ করেন, কয়েকদিন আগে এক জনসম্মুখের অনুষ্ঠানে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্যপদ পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছে তিন কোটি টাকা দাবি করা হয়েছিল। এ অভিযোগ প্রকাশ্যে আসার পর নিজের পক্ষ থেকে একাধিকবার বীথিকার সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে প্রমাণ এবং অর্থ দাবির ঘটনার নির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয় বলে দাবি করেন আসিফ মাহমুদ।
তার বক্তব্য অনুযায়ী, বীথিকা বিনতে হোসাইন প্রথমে প্রয়োজনীয় তথ্য দেওয়ার আশ্বাস দিলেও পরে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। একপর্যায়ে তিনি জানান, বিষয়টি তাকে অন্যদের মাধ্যমে জানানো হয়েছিল। এরপর আর যোগাযোগ করেননি বলেও পোস্টে উল্লেখ করা হয়। এ অবস্থায় অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত এবং চরিত্রহননের উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে দাবি করেন আসিফ মাহমুদ।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তার আইনজীবীর মাধ্যমে বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এর কোনোটিই না হলে প্রচলিত আইনে মানহানির মামলা-সংক্রান্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
পোস্টে আরও দাবি করা হয়, এই ধরনের অপপ্রচার কেবল ব্যক্তি আসিফ মাহমুদের বিরুদ্ধে নয়; বরং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব, চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত প্রচেষ্টার অংশ। একই সঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেকেই একই ধরনের মিথ্যা প্রচারণা ও চরিত্রহননের শিকার হয়েছেন। ভবিষ্যতে এ ধরনের প্রতিটি অভিযোগ ও অপপ্রচারের জবাব আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেওয়া হবে বলেও জানান এনসিপির এই মুখপাত্র।
উল্লেখ্য, বীথিকা বিনতে হোসাইনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

