রাজনীতি ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি সরকারে আসার পর সৌদি আরবের বিমান টিকিটের বাজারে আবারও সিন্ডিকেট সক্রিয় হয়েছে। এর ফলে টিকিটের দাম বেড়েছে বলেও দাবি করেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম কমে গিয়েছিল। বিএনপি আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে টিকিটের দামও বেড়েছে।’
গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে এনসিপির এই মুখপাত্র বলেন, নির্বাচনের পর বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
তিনি বলেন, ‘জনগণের নাভিশ্বাস অবস্থা।’ দ্রুত এসব সমস্যা থেকে পরিত্রাণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এদিকে মক্কা প্যাক্ট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। তবে এ বিষয়ে দলের একটি উপকমিটি বিশেষভাবে নজর রাখছে বলেও জানান তিনি।

