রাজনীতি ডেস্ক:
পুলিশ ও কারা হেফাজতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাহউদ্দিন তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে অভিযোগের বিষয়ে স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছে দলটি।
রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিবৃতিতে এবি পার্টির নেতারা বলেন, হাসপাতালে গাজী তানভীরের শারীরিক অবস্থা দেখে তারা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। রিমান্ডে তাঁর শরীরে অজ্ঞাত ইনজেকশন প্রয়োগ, শারীরিক নির্যাতন এবং প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর।
তানভীরের অভিযোগের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, তাঁকে কারাগারের ফাঁসির সেলে নিয়ে বিদ্যুৎ বন্ধ করে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ইনজেকশন প্রয়োগ করা হয়। এরপর তাঁর শরীরের নিচের অংশ অবশ হয়ে যায় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিচারকের সামনে নির্যাতনের কথা জানালে তাঁর সন্তানদের গুম করার হুমকি দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেছেন।
এবি পার্টির নেতারা বলেন, কোনো নাগরিক অপরাধ করলে তার বিচার আদালতে হবে এবং অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। তবে রাষ্ট্রীয় হেফাজত কোনোভাবেই নির্যাতনের স্থানে পরিণত হতে পারে না।
তারা বলেন, রিমান্ডের আগে ও পরে তানভীরের শারীরিক অবস্থার পরিবর্তন, হেফাজতে তাঁর চিকিৎসা, কোনো ইনজেকশন দেওয়া হয়ে থাকলে তার ধরন এবং কার নির্দেশে বা কার মাধ্যমে তা দেওয়া হয়েছে—এসব বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতে শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় হেফাজতে নির্যাতন ও মৃত্যুর বহু অভিযোগ উঠেছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগগুলো তদন্তে সত্য প্রমাণিত হলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক অবিলম্বে ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের পাশাপাশি তানভীরের পূর্ণাঙ্গ মেডিকেল রেকর্ড পর্যালোচনার দাবি জানান। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তারা।
একই সঙ্গে একটি স্বাধীন, কার্যকর ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন গঠন এবং বিদ্যমান মানবাধিকার কমিশন আইনে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে এবি পার্টি। বিবৃতির শেষে গাজী সালাহউদ্দিন তানভীরের দ্রুত সুস্থতা কামনা করেন দলটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।

