রাজনীতি ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে তাঁর জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে তাঁকে যেতে দেওয়া হয়নি।
মাহদী হাসানের দাবি, সংশ্লিষ্ট সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাঁকে বিদেশে যেতে দেওয়া হয়নি।
তিনি আরও জানান, বিদেশে যেতে হলে পুলিশের পক্ষ থেকে তাঁকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান।
তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

