মধুমতি ডেস্ক
মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ‘বিচার চাই, প্রতিশোধ নয়’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘কেউ আ. লীগ করলেই তাকে অপরাধী হিসেবে বিবেচনা করা উচিত ন
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে মেঘনা আলম বলেন, ‘আওয়ামী লীগের সবাই ক্ষমতা বা সুযোগ-সুবিধার অংশীদার ছিলেন না। অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত থাকলেও কোনো সুবিধা পাননি, বরং তাদের ব্যবহার করা হয়েছে।’
তিনি বলেন, ‘যে যেই ক্রাইম করেছে, তাকে সেই ক্রাইমের জন্যই গ্রেপ্তার করা হোক। আইনি পদ্ধতিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের নজির স্থাপন হোক।’
মডেল মেঘনা লিখেন, ‘একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলেই ওই দলের প্রত্যেক ব্যক্তি ক্ষমতা বা সুবিধার অংশীদার হয়ে যান না। তাই কেউ আওয়ামী লীগ করেছেন বলেই তাকে অপরাধী ধরে নেওয়া যাবে না। আবার কেউ বিএনপি করেন বলে তার অপরাধও উপেক্ষা করা উচিত নয়।’
আওয়ামী লীগের অনেক মানুষ দেশের স্বার্থে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন বলে দাবি করে তিনি বলেন, ‘অনেকেই দল ও মতের ঊর্ধ্বে উঠে পদত্যাগ করেছেন, অনৈতিক কাজে জড়াননি কিংবা দলীয় নির্দেশ অমান্য করে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন।’
মেঘনা আলম আরও বলেন, ‘লীগ কোনো ধর্ম না। কোনো রাজনৈতিক দলই কোনো ধর্ম না। মানুষ মাত্রই পরিবর্তনশীল, মানুষ তার ভুল বুঝে শুধরাবে, এটাই কাম্য।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর প্রতিশোধমূলক আচরণের বিরোধিতা করে তিনি বলেন, ‘যদি লীগের ওপর আমরা অন্যান্যরা একই পাশবিক নির্যাতন করি, তবে ওদের সঙ্গে আমাদের পার্থক্য কী থাকবে?’
নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে মেঘনা আলম বলেন, ‘আমি অন্যায়ের শিকার হয়েছি বলে অন্যায়ের পক্ষে দাঁড়াব না।’

