বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: এবি পার্টির শোক,

রাজনীতি ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।

শোকবার্তায় তারা বলেন, জীবিকার সন্ধানে হাজার হাজার কিলোমিটার দূরে পাড়ি দেওয়া ১৬ বাংলাদেশির এভাবে প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রবাসী এসব কর্মী নিজেদের পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন। তাদের আকস্মিক মৃত্যু সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতির পাশাপাশি জাতীয়ভাবেও গভীর বেদনার।

এবি পার্টির নেতারা বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু অর্থনৈতিক অবদানের স্বীকৃতির পাশাপাশি বিদেশের কর্মক্ষেত্রে তাদের জীবন ও নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন। কর্মস্থল কিংবা আবাসস্থলে অগ্নিনিরাপত্তার ঘাটতি কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়।

তারা সরকারের কাছে নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানান। একই সঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ এবং অগ্নিকাণ্ডে আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীদের কর্মস্থল, আবাসন ও নিরাপত্তাব্যবস্থা যথাযথ রয়েছে কি না, তা নিয়মিতভাবে তদারকি করা প্রয়োজন। এ ক্ষেত্রে সৌদি আরবসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

তাদের মতে, প্রবাসী বাংলাদেশিদের কেবল বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস হিসেবে দেখলে চলবে না; তাদের জীবন, নিরাপত্তা ও মর্যাদার বিষয়টিও রাষ্ট্রীয় দায়িত্বের অংশ। বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারকে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ ও নিয়োগদাতাদের সঙ্গে কার্যকরভাবে কাজ করতে হবে।

শোকবার্তায় মজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

তারা বলেন, দেশের অর্থনীতির জন্য প্রবাসে কঠোর পরিশ্রম করা মানুষগুলোর স্বজনদের এই শোক ও অনিশ্চয়তা যেন প্রশাসনিক জটিলতা বা দায়িত্বহীনতার কারণে আরও দীর্ঘায়িত না হয়। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের মানবিক ও নৈতিক দায়িত্ব।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493