রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
রাজনীতি

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে: রিজভী

রাজনীতি ডেস্ক:

দেশে ও বিদেশে বসে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তাবলয় গড়ে তোলার জন্য সরকার সার্বিক উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি দলের পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে যোগাযোগ রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। নেতাকর্মীদের মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, পাহারার ব্যবস্থা করা এবং পূজার ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সহযোগিতা করার কথা বলা হয়েছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শিক্ষার বিকল্প নেই। ন্যূনতম শিক্ষা অর্জন করতে না পারলে মানুষ বঞ্চনা ও প্রতারণার শিকার হতে পারে। সর্বজনীন শিক্ষা মানুষের জন্মগত অধিকার। শিক্ষার প্রসারে যারা কাজ করেন, তারা মহৎ ব্যক্তি।

তিনি আরও বলেন, বিদ্যালয়টির বিস্তৃত মাঠ ও শিক্ষার পরিবেশ দেখে প্রতিষ্ঠাতার অবদানের বিষয়টি উপলব্ধি করা যায়। বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজ পেশাগত জীবনে অবদান রাখার পাশাপাশি নিজের এলাকাকে ভুলে যাননি এবং স্থানীয় উন্নয়নেও ভূমিকা রেখেছেন। এ জন্য তিনি তাঁর প্রতি সম্মান জানান।

এলাকাবাসীর উদ্দেশে রিজভী বলেন, নবাবগঞ্জের এ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস বেশি। ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এলাকার মানুষের কাছে জনপ্রিয়। তিনি বিভিন্ন সময়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। আসন্ন দুর্গাপূজা নিরাপদে উদ্‌যাপনে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন রিজভী।

শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই। পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ দেহ গঠনে সহায়তা করে। সুস্থ জীবনের বিকাশে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, ‘এ দেশটা আমাদের সবার। আমরা সবাই নিজেদের মতো বাঁচব। নিজেদের জীবনধারায় ধর্ম পালন করব। আমরা কেউ কারও ধর্মকে ছোট করে দেখব না।’

তিনি বলেন, যন্ত্রাইল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। এলাকার মানুষ তাঁকে বারবার সমর্থন দিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এলাকার উন্নয়নে সব সময় পাশে থাকবেন। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান।

এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফসহ অন্যরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581